অপরাধীদের কোনোভাবেই ছাড় না দিয়ে কঠোরভাবে দমন করতে হবে—এমন নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘জুন ২০২৫ মাসের অপরাধ পর্যালোচনা সভা’তে সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
ডিএমপি কমিশনার বলেন, “প্রতিটি ইউনিট প্রধানের দায়িত্ব হচ্ছে দক্ষতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে নিজ নিজ ইউনিট পরিচালনা করা। পেশাগত দায়িত্ব পালনে আন্তরিকতা ও নিষ্ঠা থাকতে হবে।”
তিনি আরও বলেন, অপরাধ দমনে নিয়মিত টহল জোরদার, চেকপোস্ট কার্যক্রম শক্তিশালীকরণ, মামলার তদন্ত ও নিষ্পত্তির হার বৃদ্ধির পাশাপাশি মাদক ও চোরাই যানবাহন উদ্ধারে অভিযান ত্বরান্বিত করতে হবে। একই সঙ্গে ওয়ারেন্ট তামিলে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির কর্মকর্তাদের পুরস্কৃত করা হয়। সভায় অংশ নেওয়া অন্যান্য পুলিশ কর্মকর্তারাও মতামত দেন এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।







