চলতি মাসের মধ্যেই যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা তৈরি হবে, সেগুলোর চূড়ান্ত রূপ নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।
মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশন ও রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের সংলাপ শুরু হওয়ার আগে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “ঐকমত্যের খসড়া প্রস্তুত রয়েছে। আজ অথবা আগামীকাল প্রাথমিক পর্যায়ের ঐকমত্যের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। ৩১ জুলাইয়ের মধ্যে যেসব বিষয়ে দলগুলোর মধ্যে সমঝোতা হবে, সেগুলোকে চূড়ান্ত রূপরেখায় রূপ দেওয়া হবে।”
সকালে শুরু হওয়া সংলাপে মূল আলোচ্য বিষয় ছিল তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও কাঠামো এবং নারীর রাজনৈতিক প্রতিনিধিত্ব। এছাড়া যেসব ইস্যু এখনো নিষ্পত্তিহীন, সেগুলোও আলোচনায় স্থান পেয়েছে।
আলী রীয়াজ জানান, রাষ্ট্র কাঠামো সংশ্লিষ্ট ২০টি মৌলিক সংস্কারের প্রস্তাবনার মধ্যে ১২টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নোট অব ডিসেন্টসহ সমঝোতা তৈরি হয়েছে। বাকি বিষয়গুলোতেও কিছুটা অগ্রগতি হয়েছে। সংলাপের দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর ৩০ জুলাই দুপুরের মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে তাদের চূড়ান্ত মতামত জমা দিতে হবে।
আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ প্রায় ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা।







