Home বাংলাদেশ উত্তরা দুর্ঘটনায় দগ্ধদের বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন ইনস্টিটিউট পরিচালক

উত্তরা দুর্ঘটনায় দগ্ধদের বিদেশ নেওয়ার পরিকল্পনা নেই: বার্ন ইনস্টিটিউট পরিচালক

403
0

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের আপাতত দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন। বুধবার (২৩ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল কয়েকদিন রোগীদের পর্যবেক্ষণ করবেন এবং তাদের অবস্থা মূল্যায়ন করবেন। এরপর প্রয়োজন হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে ইনস্টিটিউটে দুর্ঘটনায় দগ্ধ ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পরিচালক। তিনি বলেন, “সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে প্রতিটি রোগীর অবস্থা নিয়ে আলাদাভাবে আলোচনা ও পর্যালোচনা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দিয়েছেন।”

রোগীদের অবস্থা অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—ক্রিটিকাল ক্যাটাগরিতে ৮ জন, সিবিআর (ক্রিটিক্যাল বাট রেসপন্সিভ) ক্যাটাগরিতে ১৩ জন এবং ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ২৩ জন। ডা. নাসির জানান, “এই রোগীদের অবস্থা প্রতি ঘণ্টায় পরিবর্তিত হতে পারে। তাই আমরা ১২ ঘণ্টা অন্তর মিটিং করে চিকিৎসার অগ্রগতি মূল্যায়ন করছি।”

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সিঙ্গাপুরের চিকিৎসক দল বাংলাদেশে কতদিন থাকবেন, সে বিষয়ে এখনো তাদের সঙ্গে আলোচনা হয়নি।”

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। এতে এ পর্যন্ত ৩২ জন নিহত এবং ১৭০ জনেরও বেশি আহত হয়েছে, যাদের অনেকে এখনও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here