ঢাকা-১১ আসনের নির্বাচনী প্রচারে একটি বিতর্কিত ঘটনা সামনে এসেছে। শহীদ ওসমান হাদীর বোন পরিচয়ে এক নারী নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইছেন—এমন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শহীদ পরিবারের পক্ষ থেকে তা সরাসরি অস্বীকার করা হয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) নাহিদ ইসলামের এক নির্বাচনী জনসভায় মঞ্চে দাঁড়িয়ে এক নারী নিজেকে শহীদ হাদীর বোন দাবি করে ভোট প্রার্থনা করেন। কিন্তু পরে জানা যায়, তিনি আসলে শহীদ পরিবারের কেউ নন।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, “শহীদ ওসমান হাদীর পরিবার নিশ্চিত করেছে, ওই নারী হাদী ভাইয়ের তিন বোনের কোনো একজন নন। তিনি ভুয়া পরিচয় দিয়েছেন।”
এ নিয়ে সরব হয়েছেন শহীদ ওসমান হাদীর স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাও। তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে ওই নারীর ছবি পোস্ট করে প্রতিবাদ জানান এবং লিখেন, “উক্ত নারী আমাদের পরিবারের কেউ নন।”
শম্পা আরও বলেন, “ভোট যেন কোনো দল দেখে না দিয়ে, প্রকৃত যোগ্যতা ও সততা বিবেচনা করে দেওয়া হয়।” তিনি ভোটারদের প্রতি অনুরোধ জানান—যাতে তারা বিবেক-বুদ্ধি ব্যবহার করে সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, নাহিদ ইসলামের প্রচারণা টিম এ বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
শহীদ ওসমান হাদীর পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছে এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে।







