কাশ্মীর সীমান্তে পাকিস্তানের ভারী গোলাবর্ষণে প্রাণ হারিয়েছেন ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার (এডিডিসি) রাজ কুমার থাপ্পা। শনিবার (১০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
তিনি জানান, “গতকালই রাজ কুমার থাপ্পা ও উপমুখ্যমন্ত্রী একটি অনলাইন সভায় অংশ নিয়েছিলেন, যেখানে আমি সভাপতিত্ব করছিলাম। আজ তাঁর বাড়িতে পাকিস্তানের গোলা আঘাত হানে। রাজৌরি শহর ছিল হামলার মূল লক্ষ্য। এই ঘটনায় থাপ্পা মারা গেছেন।”
তিনি আরও বলেন, “এই ঘটনায় আমি শোকাহত। আমার ভাষা হারিয়ে গেছে। তাঁর আত্মার শান্তি কামনা করছি।”
রাজ কুমার থাপ্পা ভারত সরকারের আস্থাভাজন কর্মকর্তা ছিলেন এবং বিজেপি নেতৃত্বাধীন প্রশাসনের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুর ঘটনায় বিজেপির বিভিন্ন নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে শনিবার ভোরে ভারতের সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালায় পাকিস্তান। এতে ব্যবহার করা হয় প্রথমবারের মতো ফাতাহ-১ নামের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুধুমাত্র সামরিক স্থাপনাই তাদের লক্ষ্য ছিল। বেসামরিক স্থাপনা টার্গেট করা হয়নি।
পাকিস্তানের দাবি, ৬ মে ভারতের হামলায় তাদের বেসামরিক নাগরিক নিহত হয়। সেই ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।




