Home বাংলাদেশ ক্ষমতায় ফিরেও সাংগঠনিক চাপের মুখে বিএনপি

ক্ষমতায় ফিরেও সাংগঠনিক চাপের মুখে বিএনপি

62
0

প্রায় দুই দশক ক্ষমতার বাইরে থাকার পর বিএনপি এখন সরকার পরিচালনার দায়িত্বে। দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী, নীতিনির্ধারণী পর্যায়ের অনেক নেতা মন্ত্রিসভায় এবং কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বহু গুরুত্বপূর্ণ নেতা সংসদ সদস্য বা বিভিন্ন সরকারি দায়িত্বে রয়েছেন। ফলে রাষ্ট্র পরিচালনার ব্যস্ততা বেড়েছে, আর তার প্রভাব পড়ছে দলীয় সাংগঠনিক কার্যক্রমে।

এমন পরিস্থিতিতেই ১ সেপ্টেম্বর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি। ক্ষমতায় ফেরার ছয় মাস পর দলটির সামনে এখন বড় প্রশ্ন হচ্ছে—সরকার পরিচালনার পাশাপাশি সংগঠনকে কতটা সক্রিয়, ঐক্যবদ্ধ ও জনসম্পৃক্ত রাখা যাচ্ছে।

দীর্ঘ সময় বিরোধী দলে থাকার সময় আন্দোলন, মামলা-মোকদ্দমা, গ্রেপ্তার এবং রাজনৈতিক চাপ মোকাবিলাই ছিল বিএনপির প্রধান রাজনৈতিক বাস্তবতা। কিন্তু সরকারে ফেরার পর সেই জায়গায় এসেছে প্রশাসনিক দায়িত্ব, সংসদীয় কাজ এবং রাষ্ট্র পরিচালনার চাপ।

দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের মতে, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আগের তুলনায় সাংগঠনিক তৎপরতা কিছুটা কমেছে। দিবসভিত্তিক কর্মসূচির বাইরে বড় রাজনৈতিক কার্যক্রমও তুলনামূলকভাবে সীমিত দেখা যাচ্ছে।

ক্ষমতায় আসার পর মাঠপর্যায়ের রাজনীতির চরিত্রও বদলেছে। দীর্ঘদিন রাজনৈতিক চাপের মধ্যে থাকা অনেক নেতা-কর্মী এখন দলীয় পদ, সরকারি দায়িত্ব, প্রশাসনিক প্রভাব কিংবা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় সমর্থন পাওয়ার দিকে বেশি মনোযোগী হয়েছেন।

জেলা ও উপজেলায় সংসদ সদস্য এবং মন্ত্রীদের কেন্দ্র করে নতুন ধরনের রাজনৈতিক তৎপরতাও তৈরি হয়েছে। অনেকেই ঢাকায় এসে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, এলাকায় নিজেদের প্রভাব তুলে ধরছেন এবং স্থানীয় নির্বাচনে সমর্থন নিশ্চিত করার চেষ্টা করছেন।

এই প্রতিযোগিতার সঙ্গে দীর্ঘদিনের দলীয় বিরোধ, বঞ্চনা এবং মূল্যায়ন না পাওয়ার ক্ষোভও নতুন করে সামনে আসছে।

দলের তৃণমূলের একটি অংশের অভিযোগ, আন্দোলনের সময় সক্রিয় থাকা নেতা-কর্মীদের পাশাপাশি দীর্ঘদিন নিষ্ক্রিয় বা সুবিধাবাদী হিসেবে পরিচিত অনেক ব্যক্তিও এখন দল ও সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন।

আন্দোলনের কঠিন সময়ে মাঠে না থাকা ব্যক্তিদের কেউ কেউ এখন সরকার বা প্রশাসনিক সুবিধা পাচ্ছেন—এমন অভিযোগও তৃণমূলের অসন্তোষ বাড়াচ্ছে।

এর পাশাপাশি বিএনপির নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে দখল, চাঁদাবাজি, সংঘবদ্ধ বিশৃঙ্খলা এবং বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে। এসব অভিযোগ দলীয় ভাবমূর্তির জন্য ঝুঁকি তৈরি করছে বলে মনে করছেন বিএনপিরই অনেক নেতা।

গত ২৭ আগস্ট বিএনপির সংসদীয় দলের এক সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ বিষয়ে সতর্কবার্তা দেন। তিনি জানান, কেউ সংশোধন না হলে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।

দলের ভেতরে আশঙ্কা রয়েছে, এ ধরনের প্রবণতা নিয়ন্ত্রণ করা না গেলে দীর্ঘদিনের পরীক্ষিত নেতা-কর্মীদের মধ্যে হতাশা বাড়তে পারে এবং একই সঙ্গে সরকার ও দলের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে।

ক্ষমতার প্রথম ছয় মাসেই সরকারকে জ্বালানি, গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন অর্থনৈতিক ও প্রশাসনিক সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দল এসব বিষয় নিয়ে সরকারকে চাপের মধ্যে রাখছে।

এসব সংকট দ্রুত নিয়ন্ত্রণে না এলে বিএনপির ওপর রাজনৈতিক চাপ আরও বাড়তে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা।

তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি, বর্তমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটের পুরো দায় বিএনপি সরকারের নয়।

তার মতে, বৈশ্বিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ এবং আন্তর্জাতিক সংঘাতের প্রভাবেই জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের প্রভাবের কথাও উল্লেখ করেন এবং বলেন, সরকার এসব সংকট মোকাবিলায় কাজ করছে।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর থেকেই বিএনপির সামনে একসঙ্গে দুটি বড় দায়িত্ব তৈরি হয়—রাষ্ট্র পরিচালনা এবং দলকে সাংগঠনিকভাবে সচল রাখা।

কিন্তু দলের নীতিনির্ধারণী পর্যায়ের বহু নেতা মন্ত্রিসভায় যোগ দেওয়ায় এবং কেন্দ্র ও মাঠপর্যায়ের গুরুত্বপূর্ণ নেতাদের বড় অংশ সংসদ সদস্য হওয়ায় সাংগঠনিক কার্যক্রমে সময় দেওয়ার সুযোগ কমেছে।

দলের উচ্চপর্যায়ের একাংশ মনে করছে, এ অবস্থা দীর্ঘায়িত হলে সরকার ও দলের দায়িত্বের মধ্যে ভারসাম্য নষ্ট হতে পারে এবং সংগঠনে আরও স্থবিরতা তৈরি হতে পারে।

এই পরিস্থিতি কাটাতে নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর মহাসচিব পদ ছাড়লে রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়।

একই সঙ্গে দলের স্থায়ী কমিটিতে নতুন চারজন সদস্য যুক্ত করা হয়েছে।

বিএনপির নেতারা আশা করছেন, নীতিনির্ধারণী পর্যায় সম্প্রসারণের ফলে সরকার ও দলের মধ্যে সমন্বয় বাড়ানোর সুযোগ তৈরি হবে।

তবে দলের দীর্ঘদিনের একনিষ্ঠ কিন্তু এখনো কাঙ্ক্ষিত মূল্যায়ন না পাওয়া অনেক নেতা মনে করছেন, বিরোধী দলে থাকার সময় আন্দোলনকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল, ক্ষমতায় এসে পদ ও নির্বাচনী সমর্থনের প্রতিযোগিতায় তা দুর্বল হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন বিএনপির সাংগঠনিক সক্ষমতার বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন পর্যায়ে দলীয় সমর্থন পেতে আগ্রহী নেতার সংখ্যা বেড়েছে। একই পদে একাধিক নেতা সক্রিয় হওয়ায় বহু এলাকায় অভ্যন্তরীণ প্রতিযোগিতাও তীব্র হয়েছে।

দলের ভেতরে আশঙ্কা রয়েছে, প্রভাবশালী নেতা বা সংসদ সদস্যের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়া হলে বঞ্চিতরা বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়াতে পারেন।

অন্যদিকে স্থানীয় জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা উপেক্ষা করে প্রার্থী বাছাই করা হলে নির্বাচনী ফলাফলেও তার নেতিবাচক প্রভাব পড়তে পারে।

বিএনপির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জনপ্রিয়তা, সাংগঠনিক অবদান, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দলের প্রতি আনুগত্যকে গুরুত্ব দেওয়া হবে।

তবে স্থানীয় সংসদ সদস্য, জেলা-উপজেলা নেতৃত্ব এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের মধ্যে সমন্বয় করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে।

তৃণমূলের এসব টানাপোড়েন সামলাতে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন অঞ্চলের নেতাদের নিয়ে ধারাবাহিক সাংগঠনিক বৈঠক করছেন।

এসব বৈঠকে দলীয় ঐক্য বজায় রাখা, স্থানীয় নির্বাচনে বিভেদ এড়ানো, সাংগঠনিক শক্তি বাড়ানো এবং সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় নেতাদের দূরত্ব কমানোর নির্দেশনা দেওয়া হচ্ছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দলের গুরুত্বপূর্ণ নেতাদের বড় অংশ সরকার ও সংসদে ব্যস্ত থাকায় দ্বিতীয় ও তৃতীয় সারির নেতাদের সামনে আনার প্রয়োজন তৈরি হয়েছে।

এই লক্ষ্য সামনে রেখে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত দলীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন নেতৃত্ব আনা, নিষ্ক্রিয়দের সরিয়ে সক্রিয় নেতাদের সামনে নিয়ে আসা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে।

তবে এই পুনর্গঠন নিজেই নতুন বিরোধ সৃষ্টি করতে পারে।

কমিটি গঠনে স্থানীয় সংসদ সদস্যদের প্রভাব, আন্দোলনে সক্রিয়দের মূল্যায়ন এবং নতুন-পুরোনো নেতৃত্বের মধ্যে ভারসাম্য রক্ষা—এসব প্রশ্ন দলটির সামনে বড় পরীক্ষা হয়ে আছে।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বিরোধী দলে থাকার সময়কার সাংগঠনিক কাঠামো ও রাজনৈতিক কৌশল দিয়ে এখন একটি ক্ষমতাসীন দলের প্রয়োজন পুরোপুরি পূরণ করা সম্ভব নয়।

ফলে নিষ্ক্রিয় কমিটি সচল করা, নতুন নেতৃত্ব সামনে আনা এবং সরকার ও দলের মধ্যে দায়িত্ব ভাগাভাগির কার্যকর কাঠামো তৈরির প্রয়োজন দেখা দিয়েছে।

রুহুল কবির রিজভী বিএনপির ৪৮ বছরের রাজনৈতিক ইতিহাসকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের সঙ্গে যুক্ত করে দেখেন।

তার বক্তব্য অনুযায়ী, জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দলটি পরে খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে এগিয়েছে এবং এখন তারেক রহমান দল ও সরকারপ্রধান হিসেবে নতুন পর্যায়ে দায়িত্ব পালন করছেন।

বিএনপি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করে। ঢাকার রমনা বটমূলের খোলা চত্বরে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি প্রতিষ্ঠার ঘোষণা দেন।

জাতীয় অধ্যাপক মাহবুব উল্লাহর মতে, প্রায় দুই দশক পর সরকারে ফিরে এবারই প্রথম বিএনপি ক্ষমতায় থেকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

তিনি মনে করেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন এবং নানা বাধা পেরিয়ে ক্ষমতায় ফেরার পর দলটির দায়িত্ব আগের তুলনায় অনেক বেড়েছে।

তার মূল্যায়নে, সরকার গত ছয় মাসে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের চেষ্টা শুরু করলেও বিদ্যুৎ ও জ্বালানিসংকট, আইনশৃঙ্খলা এবং প্রশাসনিক সক্ষমতা বড় চ্যালেঞ্জ হয়ে আছে।

তিনি আরও মনে করেন, সরকারের উচিত এসব সংকটের কারণ জনগণের সামনে পরিষ্কারভাবে তুলে ধরা এবং কোন সমস্যাগুলো আগের সময় থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া, তা ব্যাখ্যা করা।

সব মিলিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ক্ষমতা ও সংগঠনের মধ্যে ভারসাম্য বজায় রাখা।

সরকার পরিচালনার চাপের পাশাপাশি তৃণমূলকে সক্রিয় রাখা, অভ্যন্তরীণ প্রতিযোগিতা নিয়ন্ত্রণ, অনিয়মের অভিযোগ সামলানো, স্থানীয় নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই এবং দ্বিতীয় সারির নেতৃত্বকে সামনে আনার সক্ষমতার ওপরই আগামী দিনে দলটির সাংগঠনিক শক্তি অনেকটাই নির্ভর করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here