গাজার রাফা এলাকায় ১৫ জন জরুরি সেবাকর্মী নিহত হওয়ার ঘটনায় নিজেদের ভুল স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। নিহতরা প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির (PRCS) অ্যাম্বুলেন্স, জাতিসংঘের একটি গাড়ি ও সিভিল ডিফেন্সের ফায়ার ট্রাকের সদস্য ছিলেন।
ঘটনাটি ঘটে গত ২৩ মার্চ, ভোররাতে। ইসরায়েলি বাহিনী প্রথমে দাবি করেছিল, সংশ্লিষ্ট গাড়িগুলো আলো ছাড়া “সন্দেহজনকভাবে” এগিয়ে আসায় গুলি চালানো হয়। তারা আরও বলেছিল, গাড়িগুলোর চলাচল আগে থেকে সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করা হয়নি।
তবে সম্প্রতি উদ্ধার হওয়া মোবাইল ফুটেজে দেখা যায়, অ্যাম্বুলেন্সগুলোর হেডলাইট জ্বলছিল এবং গাড়িগুলোতে জরুরি সংকেতও চালু ছিল। নিহত প্যারামেডিক রিফাত রাদওয়ানের মোবাইল ফোনে ধারণ করা ভিডিওতে তাকে শেষ সময়ে প্রার্থনা করতে শোনা যায় এবং তারপরই ইসরায়েলি সেনাদের গুলির শব্দ শোনা যায়।
ভিডিওটি প্রকাশের পর সমালোচনার মুখে পড়ে ইসরায়েল। এক সাংবাদিক সম্মেলনে আইডিএফ জানায়, তারা আগে একটি গাড়িতে থাকা হামাস সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পরে ওই স্থানে পৌঁছানো অ্যাম্বুলেন্সগুলোকে ড্রোন নজরদারিতে “সন্দেহজনক” মনে হওয়ায় গুলি ছোড়ে সৈন্যরা।
তবে আইডিএফ স্বীকার করেছে, নিহতরা কেউই সশস্ত্র ছিলেন না এবং আগের বক্তব্য অনুযায়ী গাড়িগুলোতে আলো না থাকার তথ্যটি সঠিক ছিল না।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন কর্মকর্তা বলেন, গুলিবর্ষণের পর নিহতদের মরদেহ বালির নিচে চাপা দেওয়া হয় বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা করতে। তবে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হওয়ায় মরদেহগুলো উদ্ধার হতে প্রায় এক সপ্তাহ সময় লাগে।
এই ঘটনায় নিহতদের কেউ হামাসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন কি না—এ বিষয়ে ইসরায়েলের দাবি থাকলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ পেশ করতে পারেনি তারা। তবে IDF বলছে, ঘটনাটি নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চালানো হবে।
অন্যদিকে, ফিলিস্তিন রেড ক্রিসেন্টসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা এই ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, ১৮ মার্চ যুদ্ধবিরতির প্রথম ধাপ ভেঙে যাওয়ার পর গাজায় ফের বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। গাজার হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, এরপর থেকে এ পর্যন্ত আরও ১,২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
এর আগে, গত ৭ অক্টোবর হামাসের অভূতপূর্ব হামলায় ইসরায়েলে ১,২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে নেওয়া হয়। এরপর থেকেই ইসরায়েল হামাস নির্মূলের লক্ষ্যে সামরিক অভিযান চালিয়ে আসছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, চলমান সংঘাতে এখন পর্যন্ত সেখানে ৫০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।






