জাপানের শিজুওকা অঞ্চলের নাগাইজুমি শহরে অবস্থিত একটি পার্ক, যার আয়তন মাত্র ০.২৪ বর্গমিটার (২.৫৮ বর্গফুট), গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সবচেয়ে ছোট পার্ক হিসেবে জায়গা করে নিয়েছে। এই পার্কটি ইতোমধ্যে একটি জনপ্রিয় পর্যটন স্থলে পরিণত হয়েছে।
পার্কটিতে ছোট বর্গাকার ইট, একটি ছোট টুল, গাছপালা এবং দুটি পাথরের স্মৃতিস্তম্ভ রয়েছে, যার একটিতে শহরের প্রতীক খোদাই করা। স্থানীয়রা ৩০ বছরেরও বেশি সময় ধরে এটি বিশ্বের সবচেয়ে ছোট পার্ক হিসেবে জানতেন এবং বিশ্রামের স্থান হিসেবে ব্যবহার করতেন।
এলাকাবাসীর সমর্থনে শহর কর্তৃপক্ষ এটি বিশ্ব রেকর্ডে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নেয়। প্রয়োজনীয় খরচ সংগ্রহ করতে অনলাইন তহবিল এবং বেসরকারি খাতের সাহায্যে প্রায় ১৮ হাজার মার্কিন ডলার (২.৫ মিলিয়ন ইয়েন) জমা হয়। এরপর জমির যথাযথ পরিমাপ করে গিনেস কর্তৃপক্ষের কাছে শংসাপত্র জমা দেওয়া হয়।
গিনেস বুকে নাম লেখানোর পর এটি শিজুওকা শহরের জন্য একটি বড় ধরনের পর্যটন আকর্ষণে পরিণত হয়েছে, যা শহরটির বৈশ্বিক পরিচিতি বৃদ্ধি করছে।
পার্কটি শহরের টাউন হল থেকে প্রায় ৩০০ মিটার দূরে অবস্থিত, এবং এটি ১৯৮৮ সালে একটি রাস্তা নির্মাণ প্রকল্পের পর অবশিষ্ট জমিতে তৈরি করা হয়েছিল।






