মাত্র দুই সপ্তাহ আগে রুতে কার্দোসোর সঙ্গে বিবাহিত জীবন শুরু করেছিলেন দিয়েগো জোটা। সুখী পরিবারের প্রতিচ্ছবি ছিল সেই সময়, যেখানে স্ত্রী ও তিন সন্তান নিয়ে একটি ছবিতে ফুটে উঠেছিল তাদের এক নতুন শুরু। কিন্তু সেই সুখী মুহূর্তগুলো আজ শুধু স্মৃতি হয়ে দাঁড়িয়েছে।
বিয়ের পর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৮ বছর বয়সী লিভারপুল ফরোয়ার্ড জোটা মারা যান। দুর্ঘটনার সময় তার সঙ্গে ছিলেন ছোট ভাই আন্দ্রে সিলভা, এবং দুজনকেই ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।
এ খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে, যা শোকের ছায়া ফেলে দেয় লিভারপুল এবং পর্তুগালে। ক্রীড়াঙ্গনে নেমে আসে গভীর শোক, এবং সামাজিক মাধ্যমে জোটার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানানো হয়।
এই ঘটনায় মেনে নিতে পারছেন না পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। এক আবেগঘন পোস্টে তিনি বলেন, “এটা অবিশ্বাস্য। এই তো আমরা একসাথে জাতীয় দলে খেললাম, আর তুমি তো সদ্যই বিয়ে করেছো। তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের প্রতি আমার গভীর সমবেদনা। জানি, তুমি সবসময় তাদের সঙ্গেই থাকবে। শান্তিতে ঘুমাও দিয়েগো ও আন্দ্রে। আমরা তোমাদের সবাইকে মিস করবো।”
জোটা জুনে পর্তুগালের হয়ে নেশনস লিগ জয়ে অবদান রেখেছিলেন এবং মাঠের বাইরেও ছিলেন সবার প্রিয়, যার কারণে তার প্রস্থান সবার জন্যই অবিশ্বাস্য।







