রাজধানী ঢাকায় টানা নির্বাচনী কর্মসূচির অংশ হিসেবে আজ (সোমবার) আটটি জনসভায় অংশ নেবেন তারেক রহমান। তার নিজ নির্বাচনি এলাকা ছাড়াও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে এসব জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সূত্র।
বিএনপি সূত্র অনুযায়ী, আজকের কর্মসূচির সূচনা হবে সকাল ১১টায় ঢাকা-১৭ আসনে। বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউ সংলগ্ন খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে এবং বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে জনসভায় অংশ নেবেন তারেক রহমান।
দুপুরের পর বিকাল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকাল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন–দয়াগঞ্জ রোডে এবং বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে ধারাবাহিকভাবে বক্তব্য রাখার কথা রয়েছে তার। দিনের শেষ জনসভা অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে।
এর আগে রোববার রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে জনসভা করেন তারেক রহমান। ইসিবি চত্বর, পল্লবী, মিরপুর-১০, মিরপুর মডেল থানা এলাকা, শ্যামলী এবং বাড্ডার সাঁতারকুল এলাকায় অনুষ্ঠিত এসব সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায়।
দলীয় সূত্র জানায়, ধারাবাহিক এই জনসভাগুলোর মাধ্যমে বিএনপি রাজধানীতে নির্বাচনী প্রচারে নতুন গতি আনতে চায়। একই সঙ্গে সরকারের বিরুদ্ধে দলের রাজনৈতিক বার্তা সরাসরি ভোটারদের কাছে পৌঁছে দেওয়াই এই কর্মসূচির মূল লক্ষ্য।







