Home Brisbane BD দাবানলে জর্জরিত অস্ট্রেলিয়া, পুড়ে ছাই ১১৯টি ঘরবাড়ি

দাবানলে জর্জরিত অস্ট্রেলিয়া, পুড়ে ছাই ১১৯টি ঘরবাড়ি

187
0

পৃথিবীর উত্তর গোলার্ধ যখন শীতের তীব্রতায় কাঁপছে, ঠিক তখন দক্ষিণ গোলার্ধের অস্ট্রেলিয়া জ্বলছে দাবানলের ভয়াবহ আগুনে। দেশটির দক্ষিণাঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত পুড়ে গেছে অন্তত ১১৯টি ঘরবাড়ি। অস্ট্রেলিয়ার রাজ্য ভিক্টোরিয়ায় তীব্র তাপপ্রবাহ ও খরার কারণে এই দাবানল সৃষ্টি হয়েছে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দাবানলের কবলে পড়েছে একাধিক বনাঞ্চল, যার ফলে বিপুল সংখ্যক বন্যপ্রাণীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনও মানুষের প্রাণহানির খবর নিশ্চিত করা হয়নি। অনেক এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে, সৃষ্টি হয়েছে ব্যাপক আতঙ্ক।

ভিক্টোরিয়ার বিভিন্ন এলাকায় আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। কান্ট্রি ফায়ার অথরিটির প্রধান জেসন হেফারনান জানান, রাজ্যজুড়ে বর্তমানে ৬৭টি জায়গায় দাবানল সক্রিয় রয়েছে, যার মধ্যে ১০টি আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গ্রেট ওটওয়ে অঞ্চলেও নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে, ফলে স্থানীয়দের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনীও। বহু রাস্তা ও এলাকা বন্ধ করে দেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানেজ এই সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, “এই কঠিন সময়ে গোটা দেশ একত্রিত হয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবে।” একই সঙ্গে দমকল কর্মীদের অক্লান্ত পরিশ্রমের প্রশংসাও করেন তিনি।

উল্লেখ্য, ২০১৯-২০২০ সালের ভয়াবহ দাবানলের স্মৃতি এখনও অস্ট্রেলিয়াবাসীর মনে জাগ্রত। সেই সময় কয়েক কোটি হেক্টর বনভূমি পুড়ে ছাই হয়ে যায় এবং প্রাণ হারান ৩৩ জন। এবারও পরিস্থিতি একই রকম ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here