নয়াদিল্লি। ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই শীর্ষ নেতা সৌরভ দাস ও আশুতোষ রাংকাকে প্রতিরোধমূলক আটকাদেশের (প্রিভেন্টিভ ডিটেনশন) আওতায় রাখা হয়েছে। রোববার সকালে দিল্লি পুলিশ জানায়, তিন নেতাকেই দিল্লি ক্যান্টনমেন্ট থানায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মুখোমুখি হাজির করা হবে।
সিজেপির আইন বিষয়ক প্রধান রত্না সিং এক্স পোস্টে জানান, সকাল ৯টায় তিনজনকে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থাপন করার কথা। তিনি লিখেছেন, পুলিশের পক্ষ থেকে সকালেই তাকে এই বিষয়ে অবহিত করা হয়েছে এবং তিনি অন্যান্য আইনজীবীদের নিয়ে থানায় উপস্থিত থাকবেন।
শনিবার মুম্বাই থেকে দিল্লিগামী বিমান ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতেই বিমানের ভেতর থেকেই তিন নেতাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, দীপকেকে নেওয়া হয় গুরুগ্রামে, রাংকাকে দ্বারকায় এবং দাসকে দিল্লির অন্য একটি স্থানে। ওই রাতেই দিল্লি পুলিশের হেফাজত থেকে শত শত বিক্ষোভকারীকে মুক্তি দেওয়া হলেও শুধু এই তিন শীর্ষ নেতাকেই হেফাজতে রাখা হয়, ‘যথাযথ আইনি প্রক্রিয়া’ অনুসরণ করা হবে বলে পুলিশ জানায়।
শনিবার ভোটার তালিকা নিয়ে বিতর্কের জেরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে জন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি। পুলিশ অনুমতি দেয়নি বলে দাবি করলেও হাজার হাজার সমর্থক জমায়েতের চেষ্টা করেন। শনিবার সারাদিন ধরে রাজধানীতে প্রায় তিন হাজার মানুষকে আটক করা হয়, দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশনে প্রবেশ ও বহির্গমনে নিষেধাজ্ঞা জারি ছিল, বাতিল করা হয় বহু ট্রেন।
তবে নেতাদের আটকের পরও আন্দোলন থেমে নেই। সিজেপি ঘোষণা দিয়েছে, রোববার সকাল ১০টায় ফের জন্তর মন্তরে বিক্ষোভ হবে। আটক হওয়া দীপকের বদলে আন্দোলনের নেতৃত্বে রয়েছেন সংগঠনের জাতীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত অজিংক্য শিন্দে।
দিল্লি পুলিশ জানিয়েছে, রোববারও জন্তর মন্তর এলাকা ঘেরাও করে রাখা হয়েছে এবং ৩০টি গুরুত্বপূর্ণ স্থানে যান চলাচলে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের জন্য বিশেষ পরামর্শ দিয়েছে দিল্লি ট্র্যাফিক পুলিশ।
উল্লেখ্য, সিজেপির দাবি ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধন (এসআইআর) ও ফর্ম-৬ সংক্রান্ত পরিবর্তন ঘিরে ভোটার তালিকায় কারসাজির অভিযোগের তদন্ত, ২০২৫ সালের ভোটার তালিকা স্বতন্ত্র নিরীক্ষা না হওয়া পর্যন্ত স্থগিত রাখা এবং নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত ২০২৩ সালের আইন বাতিল।
রাজনৈতিক মহলে এই বিক্ষোভ ঘিরে বিভাজন স্পষ্ট। আম আদমি পার্টি ও তৃণমূল কংগ্রেস বিক্ষোভকে সমর্থন জানালেও কংগ্রেস দূরে রয়েছে। এদিকে শনিবার রাতে প্রায় সব আটক বিক্ষোভকারীকে মুক্তি দেওয়ার পরও তিন শীর্ষনেতার হেফাজত বহাল থাকায় আন্দোলনের নতুন মাত্রা পেল রোববার।






