Home বাংলাদেশ নরসিংদী কেন্দ্রিক ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০, আহত ৪৫০

নরসিংদী কেন্দ্রিক ভয়াবহ ভূমিকম্পে নিহত ১০, আহত ৪৫০

158
0

নরসিংদী কেন্দ্র করে সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। নরসিংদীতে পাঁচ জন, ঢাকায় চার জন এবং নারায়ণগঞ্জে একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এখন পর্যন্ত আহতের সংখ্যা অন্তত ৪৫০ জন।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ভূমিকম্পটির উৎপত্তি হয়েছিল ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে, নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। কেন্দ্রস্থল মাধবদী হওয়ায় নরসিংদী জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি। বহু ভবনে ফাটল দেখা গেছে, কোথাও কোথাও ভবন হেলে পড়েছে।

ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদীতে দেড় শতাধিক আহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। শুধু নরসিংদীতেই আহত হয়েছেন শতাধিক মানুষ, যাদের অনেককে স্থানীয় হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় আতঙ্কে দৌড়ে নামতে গিয়ে একটি কারখানার ছয় শ্রমিক আহত হয়েছেন। নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইজাদী ইউনিয়নসহ বিভিন্ন গ্রামে ঘরবাড়ির দেয়াল ভেঙে পড়ে অন্তত ছয়জন আহত হন।

ভূমিকম্পে অনেক স্থানে ভবন হেলে পড়া, ফাটল ধরা এবং পলেস্তরা খসে পড়ার ঘটনা ঘটেছে। কিছু জায়গায় আগুন লাগার খবরও এসেছে। ফায়ার সার্ভিস জানায়, পুরান ঢাকার আরমানিটোলার কসাইটুলিতে আটতলা এক ভবন ধসে পড়ার খবর পেয়ে দুটি ইউনিট সেখানে যায়। দেখা যায়, কিছু পলেস্তরা ও ইট খসে পড়েছে। সূত্রাপুরের স্বামীবাগে আটতলা একটি ভবন পাশের ভবনে হেলে পড়ায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে।

কলাবাগানের আবেদখালী রোডে সাততলা একটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে, যেখানে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজ করছে। এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনাও ঘটেছে। বারিধারা এফ ব্লকে একটি বাসায় আগুন লাগে, যেখানে দুটি ইউনিট কাজ করছে। আগুনটি ভূমিকম্পজনিত কিনা তা নিশ্চিত করা যায়নি। এছাড়া পলাশের ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে আগুন লাগে।

মুন্সীগঞ্জের গজারিয়ায়ও একটি বাসায় আগুন লাগার ঘটনা ঘটে, যেখানে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট ছুটে গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here