আগামী ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের চলাচল সহজ করতে মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, নির্বাচনের দিন মেট্রোরেল স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে এবং প্রয়োজন অনুযায়ী ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। ভোটের ছুটির দিন হলেও ট্রেন চলাচল থাকবে নিয়মিত কর্মদিবসের মতোই।
ডিএমটিসিএলের কর্মকর্তারা জানান, নিরাপত্তার স্বার্থে যেসব স্টেশনের প্রবেশপথ ভোটকেন্দ্রের একেবারে পাশে, সেগুলো বন্ধ থাকবে; তবে অন্যান্য গেট খোলা থাকবে। নির্বাচনকালীন ট্রেন চলাচলে যাতে কোনো বিঘ্ন না ঘটে, সেজন্য ডিএমটিসিএলের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
দেশজুড়ে যান চলাচলে কড়াকড়ি
জাতীয় নির্বাচন উপলক্ষে সারা দেশে যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ২ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে—
- ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ট্যাক্সি, পিকআপ, ট্রাক ও মাইক্রোবাস চলাচল বন্ধ থাকবে।
- এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
মোটরসাইকেল চলাচলে ৭২ ঘণ্টার কঠোর নিষেধাজ্ঞা
১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সারা দেশে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
তবে জরুরি প্রয়োজন, সাংবাদিক, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে নিয়ম অনুযায়ী ছাড় থাকবে।







