অস্ট্রেলিয়ার সিডনিতে সাংস্কৃতিক বৈচিত্র্য, সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন জোরদার করতে লিভারপুল সিটি কাউন্সিল এবং ফুটবল NSW-এর যৌথ উদ্যোগে ১৭ অক্টোবর হারমনি কাপ ও মাল্টিকালচারাল গালা ডে আয়োজনের ঘোষণা দেওয়া হয়।
লিভারপুলের হ্যামন্ডভিল সকার ফিল্ডসে আয়োজিত এই ফুটবল উৎসবে উরুগুয়ে, ইতালি, মেসিডোনিয়া, সুদান, সার্বিয়া, বসনিয়া ও সিরীয় সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী সাতটি দল অংশ নেওয়ার কথা জানানো হয়। প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল ভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষকে ফুটবলের মাধ্যমে একত্র করা এবং অস্ট্রেলীয় পরিচয়ের বন্ধন আরও সুদৃঢ় করা।
লিভারপুলের মেয়র নেড মান্নুন বলেন, অস্ট্রেলিয়ার অন্যতম বড় শক্তি দেশটির সাংস্কৃতিক বৈচিত্র্য। বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মানুষ একসঙ্গে বসবাস করলেও সবাই অভিন্ন অস্ট্রেলীয় পরিচয়ের অংশ।
তিনি বলেন, ফুটবল এমন একটি খেলা, যা মানুষের মধ্যকার বিভেদ দূর করে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের পরিবেশ তৈরি করতে পারে। সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা শুধু সরকার বা নেতাদের দায়িত্ব নয়, বরং প্রতিটি নাগরিকেরই এতে ভূমিকা রয়েছে।
মেয়র আরও জানান, লিভারপুলে ১৫০টির বেশি সাংস্কৃতিক পটভূমির মানুষের বসবাস। এই বৈচিত্র্যকে শক্তিতে রূপান্তর করতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
হারমনি কাপে পুরুষদের এক দিনের ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি ৫ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে ফুটবল কার্যক্রমের পরিকল্পনা করা হয়। এ ছাড়া বিশেষ চাহিদাসম্পন্ন খেলোয়াড়দের ম্যাচ, সাবেক তারকাদের প্রীতি ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, কমিউনিটি স্টল ও পুরস্কার বিতরণী আয়োজনের অন্তর্ভুক্ত ছিল।
লিভারপুল সিটি কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসন ব্রেটন বলেন, ফুটবল শুধু মাঠের প্রতিযোগিতা নয়; এটি বন্ধুত্ব, শৃঙ্খলা, দলগত সহযোগিতা ও সামাজিক বন্ধন তৈরির গুরুত্বপূর্ণ মাধ্যম।
তিনি স্থানীয় ফুটবল ক্লাব, প্রশিক্ষক, রেফারি, স্বেচ্ছাসেবক ও অভিভাবকদের অবদানের প্রশংসা করে বলেন, তাঁদের নিরলস প্রচেষ্টাই তৃণমূল পর্যায়ে খেলাধুলার সুযোগ সৃষ্টি এবং শক্তিশালী কমিউনিটি গড়ে তুলতে সহায়তা করে।
আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, হারমনি কাপ থেকে উদ্বৃত্ত অর্থ হার্টবিট অব ফুটবল সংস্থাকে দেওয়া হবে, যা স্থানীয় ক্রীড়ামাঠে জীবনরক্ষাকারী ডিফিব্রিলেটর স্থাপনের উদ্যোগে সহায়তা করবে।
১৭ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত এই আয়োজনে দর্শকদের জন্য প্রবেশ বিনামূল্যে রাখা হয়। ফুটবলকে কেন্দ্র করে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল উৎসবটির প্রধান উদ্দেশ্য।






