Home খেলা বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সহানুভূতিশীল আইসিসি, ভেন্যু পরিবর্তন আলোচনায়

বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগে সহানুভূতিশীল আইসিসি, ভেন্যু পরিবর্তন আলোচনায়

157
0

ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে নিরাপত্তা সংশয় প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসিকে একটি ইমেইল পাঠিয়েছিল। বিসিবির সেই উদ্বেগের পরিপ্রেক্ষিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ইতোমধ্যে তাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে। বিষয়টি নিশ্চিত করে বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারতের মাটিতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিসিবির যেসব আশঙ্কা ছিল, সেগুলোর প্রতি আইসিসি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। একইসঙ্গে প্রয়োজনে বাংলাদেশ দলের খেলার ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আইসিসির সঙ্গে আলোচনা হয়েছে।

বিসিবি আরও জানিয়েছে, আইসিসি বাংলাদেশের দল যেন নির্ভিঘ্নে ও পূর্ণাঙ্গভাবে বিশ্বকাপে অংশ নিতে পারে, সে বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনরায় নিশ্চিত করেছে। এছাড়া নিরাপত্তা পরিকল্পনা তৈরির সময় বিসিবির মতামত ও সুপারিশগুলো গুরুত্বসহকারে বিবেচনায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি।

বিবৃতিতে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, এই আলোচনা ও যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নিতে আইসিসির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় বজায় রাখা হবে বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here