জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের উদ্দেশ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান পর্যবেক্ষক এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইজাবস আগামী ৮ জানুয়ারি, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবেন। তিনি নির্বাচন পর্যন্ত আরও দুবার বাংলাদেশ সফর করবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঢাকা সফরকালে ইজাবস ইউরোপীয় ইউনিয়নের ঢাকা মিশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি অন্তর্বর্তী সরকারের নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন, যেখানে নির্বাচন সংশ্লিষ্ট প্রস্তুতি ও কার্যক্রম নিয়ে আলোচনা হবে।
সফরের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেবেন বলে নিশ্চিত করা হয়েছে।
লাটভিয়ার নাগরিক ইভার্স ইজাবস বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের সরকার গত ১১ ডিসেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়, যার পরিপ্রেক্ষিতে ইইউ তাকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয়।







