নিউ সাউথ ওয়েলসের চলমান বন্যা পরিস্থিতির কারণে বহু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে মারাত্মক ব্যাঘাত ঘটেছে। বিদ্যুৎ বিতরণকারী সংস্থা Essential Energy জানিয়েছে যে অন্তত ৫,৩০০ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, বিশেষ করে টারি ও আশেপাশের অঞ্চলে। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় অনেক স্থানে মেরামতের কাজ শুরু করাও সম্ভব হচ্ছে না। কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমার ও বৈদ্যুতিক খুঁটি মেরামত করতে ২–৩ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
বন্যার কারণে অন্তত ১৪৫টি বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্লাবিত এলাকায় আরও অনেক স্কুল ও কলেজে পাঠদান বন্ধ আছে বা অনলাইন ক্লাসে স্থানান্তর করা হয়েছে। শিক্ষার্থী ও শিক্ষক–কর্মচারীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যোগাযোগ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রবল বর্ষণ ও ভূমিধসের কারণে বিভিন্ন প্রধান ও আঞ্চলিক সড়ক যেমন প্যাসিফিক হাইওয়ে (Pacific Highway) এবং ওয়াটারফল ওয়ে (Waterfall Way)–এর বহু অংশ সম্পূর্ণভাবে ডুবে গেছে বা ধসে পড়েছে। কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, এবং জরুরি পরিষেবা ছাড়া অন্য সব যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এই পরিস্থিতিতে সরকারি কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ জানিয়েছে — যদি অত্যাবশ্যক না হয়, তাহলে ঘরের বাইরে বের না হতে এবং কোনোভাবেই বন্যার পানিতে গাড়ি বা পায়ে চলাচল না করতে। যেকোনো আপডেটের জন্য স্থানীয় কাউন্সিল, জরুরি পরিষেবা ও আবহাওয়া দপ্তরের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।







