ভারতের সঙ্গে চলমান যুদ্ধ-উন্মাদনার মধ্যেই শনিবার (১০ মে) সকালে একটি মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে পাকিস্তান। দেশটির আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, স্থানীয় সময় সকাল ১০টা ৮ মিনিটে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের হিন্দুকুশ পার্বত্য এলাকায়, যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ২৩০ কিলোমিটার নিচে। রাজধানী ইসলামাবাদ ছাড়াও খাইবার পাখতুনখোয়া রাজ্যের আটক, পেশোয়ার, মারদান, নওশেরা, সোয়াবি ও উত্তর ওয়াজিরিস্তানসহ বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়।
তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূ-তাত্ত্বিকভাবে পাকিস্তান অবস্থিত ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে। ফলে এই দুই প্লেটের অল্প নড়াচড়াতেই প্রায়শই ভূমিকম্পে কাঁপে দেশটি।
এর আগেও ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল, যেখানে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ মানুষ।
বর্তমানে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধাবস্থার আশঙ্কার মধ্যে এই ভূমিকম্প নতুন করে আতঙ্ক তৈরি করেছে সাধারণ মানুষের মধ্যে।




