টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলা নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ জানিয়ে আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ নিয়ে দুই দিন আগে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে যে, নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় ভারত সফর করতে চাইছে না বাংলাদেশ দল।
তবে গতকাল মধ্যরাতে আন্তর্জাতিক ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, আইসিসি এক ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে জানিয়ে দিয়েছে, বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। অন্যথায় দলকে পয়েন্ট হারানোর ঝুঁকি নিতে হবে।
এই দাবিকে সরাসরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে বিসিবি। সংস্থাটি জানায়, এখন পর্যন্ত এ ধরনের কোনো বার্তা আইসিসি থেকে তাদের কাছে পৌঁছায়নি।
বাংলাদেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “ক্রিকইনফোর প্রকাশিত খবরটি সত্য নয়। আইসিসির পক্ষ থেকে এমন কিছু জানানো হয়নি যে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। আমাদের সঙ্গে আইসিসির একাধিক কর্মকর্তা ব্যক্তিগত পর্যায়ে যোগাযোগ করছেন।”
তিনি আরও জানান, “আইসিসি জানতে চেয়েছে, আমরা কেন ভারতে খেলতে চাই না। বিসিবি ইতোমধ্যে তাদের মেইলে জানিয়ে দিয়েছে যে, নিরাপত্তাজনিত কারণে দল ভারত সফর থেকে বিরত থাকতে চায়।”
বিসিবি সভাপতির ভাষ্য অনুযায়ী, আইসিসি আরও বিস্তারিত জানতে চেয়ে বিসিবির কাছে নির্দিষ্ট করে নিরাপত্তা উদ্বেগগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে। কেন বাংলাদেশের ক্রিকেটাররা ভারতের মাটিতে নিরাপদ নয়, তা ব্যাখ্যা করে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তিনি জোর দিয়ে বলেন, “যে খবর বলা হয়েছে—আইসিসি বলেছে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে না হলে ওয়াকওভার দিতে হবে—এটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে আছে এবং কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।”







