ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
এক কূটনৈতিক সূত্র জানায়, আলোচনায় মার্কো রুবিও পাকিস্তানকে ভারতবিরোধী অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানান এবং সীমান্তে উত্তেজনা প্রশমনের জন্য গঠনমূলক পদক্ষেপ গ্রহণে উৎসাহিত করেন। তিনি বলেন, “উভয় পক্ষের উচিত অবিলম্বে উত্তেজনা হ্রাস করে শান্তিপূর্ণ সমাধানের পথে এগিয়ে যাওয়া।”
উত্তরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জানান, তার দেশ শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং উত্তেজনা কমাতে প্রস্তুত। তবে তিনি শর্তস্বরূপ বলেন, “ভারতকে অবশ্যই সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে। যদি তারা উত্তেজনা বাড়ায়, পাকিস্তান আরও জোরালো প্রতিক্রিয়া জানাবে। সেক্ষেত্রে দায়ভার ভারতের ওপর বর্তাবে।”
রুবিও তার ফোনালাপে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকেও উত্তেজনা হ্রাস ও ভবিষ্যৎ সংঘাত এড়াতে গঠনমূলক সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহায়তার প্রস্তাবও দেন।
বর্তমানে কাশ্মীর ও সীমান্তবর্তী এলাকায় ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় দুই দেশের প্রতি শান্তিপূর্ণ সংলাপ ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানাচ্ছে।






