আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্ত ঘোষণার পরই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।
এই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা–৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি ইসির এ সিদ্ধান্তকে ‘হঠকারী’ বলে মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন—
ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করা মানে ভোটারদের মোবাইল ফোন বাড়িতে রেখে আসতে বাধ্য করা। এতে কোনো সাংবাদিক, মোজো রিপোর্টার কিংবা নাগরিক সাংবাদিকতাও করা সম্ভব হবে না। তাঁর ভাষায়, “এমন সিদ্ধান্ত কেবল তখনই নেওয়া হয় যখন কারও জালিয়াতির পরিকল্পনা থাকে।”
তিনি বলেন, এর ফলে ভোটার নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়বে। কোনো বিপদ ঘটলে ফোন করে কাউকে জানানো যাবে না। ফলে অনেকেই নিরাপত্তাজনিত কারণে ভোট দিতে আসতেও নিরুৎসাহিত হবেন।
হাসনাত আরও উল্লেখ করেন, সিসি ক্যামেরা থাকলেও তাৎক্ষণিকভাবে অনিয়ম বা জালিয়াতির প্রমাণ সংগ্রহে মোবাইল ফোনই বেশি কার্যকর। মোবাইল ভিডিওর মাধ্যমে সাংবাদিক ও সাধারণ মানুষ যে দ্রুত ভূমিকা রাখতে পারে, ক্যামেরা তার বিকল্প হতে পারে না।
“হয়তো অনিয়মের ভিডিও ধারণ যেন কেউ করতে না পারে, সে কারণেই ৪০০ গজের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে,”—মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টের শেষে তিনি দাবি করেন—
“এটি স্পষ্টভাবে ভোট চুরির পথ সুগম করার সিদ্ধান্ত। নির্বাচন কমিশনের এই নির্দেশনা অবিলম্বে প্রত্যাহার করা উচিত।”







