Home বাংলাদেশ National মামুনুল হক: “দেশকে আবার পুরোনো পথে ফেরাতে চায় কিছু রাজনৈতিক শক্তি”

মামুনুল হক: “দেশকে আবার পুরোনো পথে ফেরাতে চায় কিছু রাজনৈতিক শক্তি”

204
0

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, দেশ আজ নতুন আশার পথে এগোলেও কিছু রাজনৈতিক দল ষড়যন্ত্র করে আবার দেশকে পুরোনো দুর্নীতির পথে ফেরাতে চায়।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে মাঠে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। সভাটি ছিল খেলাফত মজলিস মনোনীত প্রার্থী নূরে আলম হামিদী-এর পক্ষে আয়োজিত।

মামুনুল হক বলেন, “১৯৭১ সালে দেশের স্বাধীনতা অর্জিত হলেও পরবর্তী সময়ের শাসনব্যবস্থায় দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের ভাগ্য বদলায়নি। এবার জুলাইয়ের গণ-অভ্যুত্থানে তরুণদের রক্ত ও ত্যাগের বিনিময়ে যে স্বপ্ন তৈরি হয়েছে, তা কেউ ধ্বংস করতে পারবে না।”

তিনি বলেন, “এখন প্রয়োজন যুক্তিনির্ভর ও বিশ্বাসযোগ্য রাজনীতি, পেশিশক্তি আর ভয়ভীতি নয়। যে সময় ব্যালট ছিনিয়ে নেওয়া হতো, সেই সময় আর নেই। মানুষ জেগেছে।”

খেলাফত মজলিসের এই নেতা আরও অভিযোগ করেন, “এক সময় দেশের প্রাকৃতিক সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার অপচেষ্টা হয়েছিল। দেশের মর্যাদা তখন বিক্রি হয়েছে।”

তিনি বলেন, “যারা সন্ত্রাস আর টেন্ডারবাজির ওপর ভর করে ক্ষমতা চায়, তাদের রাজনৈতিক পরিণতি শুরু হয়ে গেছে। ঢাকাই ভাষায় বলা হয়, ‘জাকান্দানি’ — মরার আগে ছটফটানি। তাদের সেই অবস্থাই চলছে এখন।”

‘হ্যাঁ’ ভোটে গণ-অভ্যুত্থান বিজয়ী হবে

জনসভায় মামুনুল হক গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “২০২৪ সালের জুলাই বিপ্লব বাংলার দামাল ছেলেদের রক্তে রঞ্জিত। সেই রক্ত বৃথা যেতে পারে না। ‘হ্যাঁ’ জয়ী হলে জুলাই সনদের বাস্তবায়ন শুরু হবে। আর তা মানে হবে—ফ্যাসিবাদের পরাজয়।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “যারা ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে, তারা বাংলাদেশের বিরুদ্ধে, তারা গণতন্ত্রের বিরুদ্ধে এবং ফ্যাসিবাদের সহযাত্রী। জনগণ তা স্পষ্টভাবে বুঝে নিয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন মুফতি হাবিবুর রহমান কাসিমী। বক্তব্য রাখেন বরুণা মাদ্রাসার মুহতামিম সাইদুর রহমান, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা রেজাউল করিম, মৌলভীবাজার-৩ আসনের প্রার্থী আহমদ বিলাল (দেয়াল ঘড়ি প্রতীক), মৌলভীবাজার-৪ আসনের প্রার্থী নূরে আলম, এবং স্থানীয় নেতারা।

এই জনসভায় বক্তারা গণতান্ত্রিক পুনর্গঠনের, শোষণমুক্ত রাষ্ট্রব্যবস্থার এবং ইসলামি আদর্শে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here