বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জকে বাংলাদেশের প্রসিদ্ধ আম উপহার পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২১ জুলাই) মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ আমগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব বাদুরা সাইদের কাছে হস্তান্তর করেন। রাষ্ট্রপতির পক্ষ থেকে এই আন্তরিক উপহারের জন্য বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করতে ড. ইউনূস নিয়মিতভাবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আম উপহার দিয়ে থাকেন।







