Home খেলা মিশন অস্ট্রেলিয়া’য় নতুন মাত্রা যোগ করলেন বাফুফে সভাপতি

মিশন অস্ট্রেলিয়া’য় নতুন মাত্রা যোগ করলেন বাফুফে সভাপতি

144
0

ইতিহাস গড়ে প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করেছে বাংলাদেশ। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এই মহাযজ্ঞ। সেই টুর্নামেন্টকে সামনে রেখে চলতি বছরের জুলাইয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ঘোষণা করেছিল বিশেষ পরিকল্পনা ‘মিশন অস্ট্রেলিয়া’। এবার সেই অভিযানে যুক্ত হলো নতুন অধ্যায়।

নারী দলকে সর্বোচ্চ প্রস্তুতি দিতে বাফুফে ইতোমধ্যে নিয়েছে একাধিক উদ্যোগ। দীর্ঘদিন ঢাকাকেন্দ্রিক আবাসিক ক্যাম্পে অনুশীলন করা দলকে এবার নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের কোরিয়ান ইপিজেডে। দুই ধাপে সেখানে ক্যাম্প করেছেন প্রধান কোচ পিটার বাটলার। নতুন পরিবেশে অনুশীলনই ছিল ‘মিশন অস্ট্রেলিয়া’র প্রথম ধাপ।

আজ বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে সভাপতি তাবিথ আউয়াল জানান, এশিয়ান কাপের প্রস্তুতির মূল জোর থাকবে ম্যাচ খেলায়। তিনি বলেন, ‘যত বেশি মানসম্পন্ন আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে মেয়েরা, এশিয়ান স্তরে ভালো ফল পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। তাই অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমরা আরও কয়েকটি ফ্রেন্ডলি আয়োজনের চেষ্টা করছি।’

গত অক্টোবরে থাইল্যান্ডে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ, যদিও উভয় ম্যাচেই হেরেছে বাটলারের দল। এবার সামনে অপেক্ষা করছে ঘরের মাঠে তিন জাতির টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে বাংলাদেশ, মালয়েশিয়া ও আজারবাইজান। আগামী ২৬ নভেম্বর মালয়েশিয়া, ২৯ নভেম্বর মালয়েশিয়া-আজারবাইজান এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে স্বাগতিক বাংলাদেশ।

শুধু ম্যাচ নয়, অস্ট্রেলিয়ার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে আগেভাগে দেশ ছাড়ার পরিকল্পনার কথাও জানান বাফুফে সভাপতি। তাবিথ বলেন, ‘ওখানে আগে গেলে মেয়েরা দ্রুতই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে। পাশাপাশি ক্লোজ-ডোর কিছু ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে। ইতোমধ্যে এ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনাও চলছে।’

বছরের পর বছর ক্যাম্প-কেন্দ্রিক অনুশীলনের পুনরাবৃত্তির কারণে নারী ফুটবলারদের প্রস্তুতিতে সীমাবদ্ধতা ছিল। নতুন কমিটি সেই ধারা বদলাতে চাইছে। তাবিথ আউয়াল বিশ্বাস করেন, ওভার প্র্যাকটিস এড়িয়ে বাস্তব ম্যাচে বেশি সুযোগ দিতে হবে মেয়েদের। তিনি বলেন, ‘শুধু প্র্যাকটিসে আটকে থাকলে খেলোয়াড়দের মানসিক চাপ বাড়ে। তাই আমরা চাই তারা নিয়মিত খেলুক, নারী লিগ দ্রুত শুরু হোক এবং বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ হোক।’

আজকের অনুষ্ঠানটি ছিল প্রস্তুতি পরিকল্পনা ঘোষণা ছাড়াও আসন্ন ট্রাই-নেশন সিরিজের টাইটেল স্পন্সর ইনফিনিক্সকে পরিচয় করানোর মঞ্চ। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি এবং মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার এবং ইনফিনিক্সের কর্মকর্তা টমি।

‘মিশন অস্ট্রেলিয়া’র প্রস্তুতি অনেক আগেই শুরু হলেও এবার তা আরও গতি পাচ্ছে। পুরো অভিযানে আনুমানিক তিন কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানিয়েছেন তাবিথ আউয়াল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here