ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আখ্যা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এ ঘটনায় আসন্ন জাতীয় নির্বাচনের ওপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে সালাউদ্দিন আহমদ বলেন, “দেশে গণতন্ত্রের অগ্রযাত্রাকে রুখে দিতে পতিত ফ্যাসিবাদী শক্তি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে।” তবে এ ধরনের বিচ্ছিন্ন ঘটনার মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি আশাবাদী যে, দেশের সব রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং সকল অংশগ্রহণমূলক একটি সফল নির্বাচন অনুষ্ঠিত হবে।
লেভেল প্লেয়িং ফিল্ড বা সমান সুযোগের ঘাটতি নিয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ জানান, এ বিষয়ে কারো অভিযোগ থাকলে তা নির্বাচন কমিশনের নিকট উপস্থাপন করা যেতে পারে।







