চারদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর, ভারত ও পাকিস্তান মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ১০ মে, শনিবার সন্ধ্যায় উভয় দেশের শীর্ষ কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেন। ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, বিকেল ৩টা ৩৫ মিনিটে পাকিস্তানের সামরিক বাহিনীর ডিজিএমও ভারতের সমকক্ষ কর্মকর্তার সাথে ফোনে কথা বলেন, এবং বিকেল ৫টা থেকে সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, ইসলামাবাদ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে, তবে সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতায় কোনো আপস করবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের উদ্যোগে রাতভর আলোচনার পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
যুদ্ধবিরতির ঘোষণা হলেও, এই সংঘাতে কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে সন্দেহ রয়ে গেছে। ভারতীয় সেনাবাহিনী দাবি করেছে, পাকিস্তান ব্যাপক ক্ষতির শিকার হয়েছে এবং তাদের বিমানঘাঁটি, সামরিক স্থাপনা ও যোগাযোগ অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। অন্যদিকে, পাকিস্তান বলেছে, ভারতীয় সামরিক স্থাপনায় বড় আঘাত হেনেছে তারা, এর মধ্যে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং কিছু বিমানঘাঁটি ধ্বংস হয়েছে। তবে, ভারত এসব দাবি অস্বীকার করেছে এবং এগুলো মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা বলে মন্তব্য করেছে।







