লক্ষ্মীপুরে গণহত্যা মামলা: আওয়ামী লীগ নেতা, ইউপি চেয়ারম্যান ও ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ
লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৮ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। অপর দুই সদস্য হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। এর আগে ১৬ জুলাই লক্ষ্মীপুরে আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়েরকৃত অন্য মামলায় আটক তিন আসামিকে ২৮ জুলাই হাজিরের নির্দেশ দেন আদালত।
জানা গেছে, গত বছরের ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। ওই হামলায় চার শিক্ষার্থীসহ মোট পাঁচজন নিহত হন। নিহতরা হলেন—আল আসাদ আফনান, সাব্বির হোসেন রাসেল, কাউসার হোসেন, ওসমান গণি ও মো. সুজন। আফনান শহরের মাদাম ব্রিজ এলাকায় এবং অন্যরা তমিজ মার্কেট এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান।







