অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের লিভারপুল সিটি কাউন্সিলের নতুন ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর স্যাম কারনিব। এর মধ্য দিয়ে স্থানীয় সরকারে জনসেবার এক পারিবারিক ঐতিহ্যের নতুন অধ্যায় শুরু হলো। তাঁর প্রয়াত বাবা আলী কারনিবও দীর্ঘদিন লিভারপুল সিটি কাউন্সিলের কাউন্সিলর ও ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাবার পদাঙ্ক অনুসরণ করে এবার একই পদে নির্বাচিত হলেন ছেলে।
লিভারপুল সিটি কাউন্সিলের মেয়র নেড মান্নুন নবনির্বাচিত ডেপুটি মেয়র স্যাম কারনিবকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এই নির্বাচনকে কারনিব পরিবার ও লিভারপুলের স্থানীয় জনগোষ্ঠীর জন্য একটি তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
মেয়র নেড মান্নুন বলেন, নবনির্বাচিত ডেপুটি মেয়রকে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন এবং লিভারপুলের বাসিন্দাদের কল্যাণে তাঁর সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যাশা করছেন।
স্যাম কারনিবের বাবা প্রয়াত আলী কারনিব লিভারপুলের স্থানীয় রাজনীতি ও সমাজসেবায় অত্যন্ত পরিচিত ব্যক্তিত্ব ছিলেন। দুই দশকেরও বেশি সময় ধরে তিনি এলাকার মানুষের উন্নয়ন, শিক্ষার প্রসার, বহুসাংস্কৃতিক সম্প্রীতি এবং বিভিন্ন জনগোষ্ঠীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে আলী কারনিব তিনবার লিভারপুল সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক পটভূমির মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত হয়।
আলী কারনিব বিশ্বাস করতেন, জাতিগত বা সামাজিক পরিচয় নির্বিশেষে প্রত্যেক মানুষের সফল হওয়ার সমান সুযোগ থাকা উচিত। তাঁর মতে, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমেই একটি শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব।
সমাজ ও বহুসাংস্কৃতিক সম্প্রীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালে আলী কারনিবকে নিউ সাউথ ওয়েলসের মাল্টিকালচারাল অনার রোলে অন্তর্ভুক্ত করা হয়।
২০২৪ সালে লিভারপুল সিটি কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন স্যাম কারনিব। এবার ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি বাবার জনসেবামূলক আদর্শ অনুসরণ করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় স্যাম কারনিব বলেন, লিভারপুলের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়া তাঁর জন্য অত্যন্ত সম্মানের। বাবার মতো একই এলাকার মানুষের সেবা করার সুযোগ পেয়ে তিনি গর্বিত।
তিনি বলেন, তাঁর বাবা জীবনের একটি বড় অংশ লিভারপুলের মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। শিক্ষা, সুযোগ সৃষ্টি এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্র করার বিষয়ে তাঁর বাবার গভীর বিশ্বাস ছিল। লিভারপুলকে সবার জন্য আরও সুন্দর ও বাসযোগ্য শহরে পরিণত করতে তিনি নিরলসভাবে কাজ করেছেন।
স্যাম কারনিব আরও বলেন, বাবার দেখানো পথে এগিয়ে যাওয়া তাঁর জন্য বড় সম্মানের পাশাপাশি গুরুত্বপূর্ণ দায়িত্বও। স্থানীয় বাসিন্দাদের প্রতিনিধিত্ব করা, তাঁদের সমস্যার কথা শোনা এবং শহরের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
লিভারপুলেই জন্ম ও বেড়ে ওঠা স্যাম কারনিবের। তিনি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা শেষ করে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটিতে আইন ও ব্যবসা বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি লিভারপুলভিত্তিক একটি আইন প্রতিষ্ঠানের প্রধান আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সমাজ ও জনগণের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক তাঁর রাজনৈতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নিজের জন্মস্থান লিভারপুলের উন্নয়ন এবং ক্রমবর্ধমান ও বহুসাংস্কৃতিক জনগোষ্ঠীর চাহিদা পূরণে কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য।
লিভারপুল সিটি কাউন্সিলের স্থানীয় সরকার ব্যবস্থায় মেয়র ও ডেপুটি মেয়র নির্বাচনের প্রক্রিয়া ভিন্ন। নিউ সাউথ ওয়েলসের স্থানীয় সরকার নির্বাচনে জনগণের সরাসরি ভোটে চার বছরের জন্য মেয়র নির্বাচিত হন। অন্যদিকে নির্বাচিত কাউন্সিলররা প্রতিবছর নিজেদের মধ্য থেকে একজনকে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচন করেন।
স্যাম কারনিবের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে লিভারপুলের স্থানীয় সরকারে কারনিব পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা নতুন মাত্রা পেল। বাবার জনসেবার ঐতিহ্যকে সামনে রেখে তিনি এখন শহরের অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন।
লিভারপুলের ক্রমবর্ধমান জনসংখ্যা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রেক্ষাপটে নতুন ডেপুটি মেয়রের দায়িত্বকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। প্রয়াত বাবার আদর্শ ধারণ করে স্যাম কারনিব কীভাবে স্থানীয় জনগণের কল্যাণে কাজ করেন, সেটিই এখন দেখার বিষয়।






