SBT Capital
Home এশিয়া পেসিফিক লিভারপুল হারমনি কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন ইতালি

লিভারপুল হারমনি কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন ইতালি

0
30

অস্ট্রেলিয়ার লিভারপুলে প্রথমবারের মতো আয়োজিত ‘লিভারপুল কাউন্সিল হারমনি কাপ’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। উত্তেজনাপূর্ণ ফাইনালে উরুগুয়েকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় দলটি। ফুটবল ও সাংস্কৃতিক সম্প্রীতির এই আয়োজনে প্রায় আড়াই হাজার মানুষ অংশ নেন।

শনিবার হ্যামন্ডভিলে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। সেখানে উরুগুয়েকে হারিয়ে ঐতিহাসিক প্রথম আসরের শিরোপা নিশ্চিত করে ইতালি। এর আগে টুর্নামেন্টে দুই দলের প্রথম মুখোমুখি লড়াইয়ে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল ইতালি।

লিভারপুল সিটি কাউন্সিল ও ফুটবল নিউ সাউথ ওয়েলসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাতটি ভিন্ন সাংস্কৃতিক সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী দল অংশ নেয়। টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে বসনিয়া। এরপর যথাক্রমে মেসিডোনিয়া, সার্বিয়া, সিরিয়া ও সুদান অবস্থান করে।

লিভারপুলের মেয়র নেড মান্নুন বলেন, ফুটবল এমন একটি সর্বজনীন ভাষা, যা মানুষের জন্মস্থান, ভাষা কিংবা সাংস্কৃতিক পরিচয়ের পার্থক্য দূর করে সবাইকে একত্রিত করতে পারে। হারমনি কাপ প্রমাণ করেছে, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, লিভারপুল অস্ট্রেলিয়ার অন্যতম বহুসাংস্কৃতিক শহর। এখানকার মানুষের বৈচিত্র্যময় ঐতিহ্য ও সংস্কৃতি উদ্‌যাপনের পাশাপাশি সবার মধ্যে বিদ্যমান অভিন্ন মূল্যবোধকে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

মূল প্রতিযোগিতার পাশাপাশি পাঁচ থেকে ১৬ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য আয়োজন করা হয় ‘মাল্টিকালচারাল গালা ডে’। এতে তরুণ প্রজন্ম ফুটবলে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়।

লিভারপুল সিটি কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসন ব্রেটন বলেন, খেলাধুলার মাধ্যমে পরিবার ও বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার ক্ষেত্রে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ধরনের উদ্যোগ সামাজিক বন্ধন শক্তিশালী করার পাশাপাশি তরুণদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করে।

তিনি জানান, ফুটবল নিউ সাউথ ওয়েলস ও স্থানীয় সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করে ভবিষ্যতেও এমন অন্তর্ভুক্তিমূলক আয়োজন অব্যাহত রাখতে চায় কাউন্সিল।

প্রথম হারমনি কাপ সফলভাবে আয়োজনে সহযোগিতা করায় রোমানস ডেলি, বেলগ্রাভিয়া ফাউন্ডেশন, টার্নার ফ্রিম্যান লইয়ার্স এবং ডক্টর ফিটসহ সংশ্লিষ্ট পৃষ্ঠপোষকদের ধন্যবাদ জানিয়েছে লিভারপুল সিটি কাউন্সিল।

আয়োজকদের মতে, হারমনি কাপ শুধু একটি ফুটবল প্রতিযোগিতা নয়, বরং বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের মধ্যে বন্ধুত্ব, ঐক্য এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here