তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) সিলিন্ডার বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডারের সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
৭ জানুয়ারি (বুধবার) এক আনুষ্ঠানিক নোটিশে সংগঠনটি এই সিদ্ধান্তের কথা জানায়। সেখানে বলা হয়, সমিতির যৌক্তিক দাবি মেনে না নেওয়া পর্যন্ত দেশজুড়ে এলপিজি বিপণন ও সরবরাহ কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে সকল কোম্পানির গ্যাস উত্তোলনের কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানানো হয়।
এর আগে একই দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের দাবিসমূহ উপস্থাপন করে সংগঠনটি। তারা প্রশাসনের হয়রানি ও জরিমানা বন্ধ এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে এলপিজি সিলিন্ডারের দাম পুনঃনির্ধারণের দাবি জানায়। দাবি মানা না হলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারা দেশে সিলিন্ডার বিক্রি বন্ধ করার হুমকি দেয়।
সংগঠনের সভাপতি সেলিম খান রাত ১১টার দিকে সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার সকাল থেকে বিক্রি কার্যক্রম বন্ধ থাকবে। তবে একই দিন দুপুর ৩টায় বিইআরসির সঙ্গে একটি বৈঠকের কথা রয়েছে। সেখানে দাবি মেনে নেওয়া হলে বিক্রি পুনরায় শুরু করা হবে; অন্যথায় অনির্দিষ্টকালের জন্য বিক্রি বন্ধ থাকবে বলে তিনি জানান।







