স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে বার্সেলোনা খেলোয়াড়দের পরিষ্কার বার্তা দিয়েছেন কোচ হান্সি ফ্লিক। সেমি-ফাইনালে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে যে দাপুটে পারফরম্যান্স প্রদর্শন করেছিল কাতালান ক্লাবটি, রিয়ালের বিপক্ষেও সেই একই দৃশ্য দেখতে চান তিনি।
রোববার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ফাইনাল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হতে যাওয়া ম্যাচটিকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। সেমি-ফাইনালে মাত্র ১৬ মিনিটের মধ্যেই চার গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় বার্সেলোনা, শেষ পর্যন্ত ৫-০ গোলের বড় জয় তুলে নেয় তারা। ম্যাচে জোড়া গোল করেন রাফিনিয়া, আর একটি করে গোল করেন ফেররান তরেস, ফের্মিন লোপেস ও তরুণ রুনি বার্দগি।
অন্যদিকে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ২-১ গোলের জয় তুলে নিয়ে ফাইনালে ওঠে রেয়াল মাদ্রিদ।
শনিবারের সংবাদ সম্মেলনে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক জানান, তিনি দলকে আরও একবার পূর্ণ শক্তিতে খেলতে দেখতে চান। “আমার খেলোয়াড়রা এখন শীর্ষ পর্যায়ে খেলছে। এটা একটি ফাইনাল, প্রতিপক্ষ রেয়াল মাদ্রিদ—তাই আমি চাই তারা আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের মতোই দল হিসেবে খেলুক, সবাই যেন নিজেদের সেরাটা দেয়।”
গতবার এই প্রতিযোগিতার ফাইনালেও রেয়ালকে বড় ব্যবধানে ৫-২ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম সুপার কাপ শিরোপা জিতেছিল বার্সা। গত মৌসুমে রেয়ালের বিপক্ষে চারবার মুখোমুখি হয়ে সবকটিতেই জিতেছিল বার্সেলোনা। তবে চলতি মৌসুমের প্রথম ক্লাসিকোয়, অর্থাৎ অক্টোবরে বের্নাবেউয়ে তারা পরাজিত হয়।
তবে ফ্লিক সেই হারের প্রতিশোধের চিন্তায় দলকে নামাতে রাজি নন। “আমি বিষয়টা ওইভাবে দেখি না,” বলেন তিনি। “ওটা ছিল একটা ম্যাচ, তারপর আমরা ঘুরে দাঁড়িয়েছি। এখন আমরা ভালো খেলছি। বার্সেলোনা সবসময় জয়ের কথা ভাবে, আর আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—দল যেন পুরোপুরি মনোযোগী থাকে।”
উল্লেখ্য, সেই হারের পর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছে বার্সেলোনা। লা লিগায় টানা ৯ ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে তারা এবং বর্তমানে পয়েন্ট তালিকায় রেয়ালের থেকে ৪ পয়েন্টে এগিয়ে রয়েছে ফ্লিকের শিষ্যরা।







