Home বিশ্ব স্টাডি দেখে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাতে পারে সিঙ্গাপুর

স্টাডি দেখে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাতে পারে সিঙ্গাপুর

544
0

রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে আন্তর্জাতিক সহায়তার ব্যবস্থা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক ব্রিফিংয়ে জানানো হয়, আহতদের চিকিৎসা প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের ‘কেইস সামারি’ পাঠানো হয়েছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বাংলাদেশ ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের মধ্যে একটি সমঝোতা স্মারক রয়েছে। তার ভিত্তিতে কারিগরি সহায়তার জন্য সিঙ্গাপুরে অনুরোধ জানানো হয়েছে এবং আহতদের চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্য সেখানে পাঠানো হয়েছে। বর্তমানে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারও সংশ্লিষ্ট হাসপাতালে উপস্থিত রয়েছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

তিনি বলেন, “সিঙ্গাপুরের চিকিৎসকরা এই কেইস সামারি পর্যালোচনা করে যদি মনে করেন, তাহলে তারা বাংলাদেশে বিশেষজ্ঞ চিকিৎসক পাঠাতে পারেন। প্রয়োজন মনে করলে, সিঙ্গাপুর থেকে সরাসরি পরামর্শও দেওয়া হতে পারে বা পরবর্তী করণীয় ঠিক করা হবে।”

এদিন সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউট পরিদর্শন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেনও। তিনি সাংবাদিকদের বলেন, “আহতদের উন্নত চিকিৎসায় সিঙ্গাপুর থেকে একটি চিকিৎসক দল আসছে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন—আহতদের বাংলাদেশে চিকিৎসা চলবে, নাকি তাদের সিঙ্গাপুরে পাঠানো হবে।”

দুর্ঘটনার ভয়াবহতায় বিপর্যস্ত পরিবার ও চিকিৎসাকেন্দ্রগুলোকে সহায়তা দিতে সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা নিশ্চিত করার এই উদ্যোগ, আক্রান্তদের চিকিৎসায় নতুন আশার বার্তা এনে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here