Home বাংলাদেশ National “১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে—শেষ হলো প্রার্থীদের সব নির্বাচনী প্রচার”

“১২ ফেব্রুয়ারির নির্বাচন সামনে—শেষ হলো প্রার্থীদের সব নির্বাচনী প্রচার”

111
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় প্রচারণার বৈধ সময়সীমা শেষ হয়। গত ২২ জানুয়ারি শুরু হওয়া এই প্রচার কার্যক্রম আচরণবিধি অনুযায়ী ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে এসে থামে।

নির্বাচন কমিশনের (ইসি) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫–এর ১৮ ধারায় স্পষ্ট করে বলা আছে, ভোটের দিন নির্ধারণের তিন সপ্তাহ আগে থেকেই প্রচার শুরু করা যায় এবং ভোট শুরুর ৪৮ ঘণ্টা আগে তা বন্ধ করতে হবে। সেই নিয়ম মেনেই মঙ্গলবার থেকে নির্বাচনী এলাকায় সব ধরনের প্রচার বন্ধ হয়ে গেছে।

ইসি গতকাল সোমবার জানায়, প্রচার বন্ধ থাকবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে। এছাড়া ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা পর্যন্ত কোনো জনসভা, মিছিল বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না।

আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯টি আসনে একযোগে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর–৩ আসনে জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে নির্বাচন বাতিল হওয়ায় মোট ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হচ্ছে।

বাসস জানিয়েছে, এবারের নির্বাচনে ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে এবং মোট প্রার্থী সংখ্যা ২ হাজার ৩৪ জন। এর মধ্যে ২৭৫ জন স্বতন্ত্র প্রার্থী।

দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী দিয়েছে বিএনপি—ধানের শীষ প্রতীকে লড়ছেন ২৯১ জন। ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে ২৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে দিয়েছে ২২৯ জন প্রার্থী। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লড়ছেন ১৯৮ জন। এছাড়া এনসিপি শাপলা কলি প্রতীকে ৩২ জন প্রার্থী দিয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ ৭৬ জন ফুটবল প্রতীকে নির্বাচন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here