অপারেশন সিঁদুর চলাকালে পাকিস্তানি গোলাবর্ষণে নিহতদের পরিবার থেকে আসা ২২ জন অনাথ কাশ্মীরি শিশুর পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সীমান্তবর্তী পুঞ্চ জেলার এসব শিশুকে কলেজে স্নাতক শেষ করা পর্যন্ত তিনি আর্থিক সহায়তা দেবেন।
জম্মু-কাশ্মীর কংগ্রেসের সভাপতি তারিক হামিদ কাররা জানিয়েছেন, শিক্ষাখরচের প্রথম কিস্তি ইতোমধ্যে সংশ্লিষ্ট স্কুলে পাঠানো হয়েছে।
গত মে মাসে রাহুল গান্ধী পুঞ্চ সফরের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এবং অনাথ শিশুদের সঙ্গে দেখা করেন। তিনি দলীয় নেতাদের নির্দেশ দিয়েছিলেন অনাথদের তালিকা প্রস্তুত করতে, যা সরকারি তথ্য যাচাই করে চূড়ান্ত করা হয়।
এই ২২ শিশুর কেউ বাবা-মাকে, কেউ পরিবারে একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে। রাহুল গান্ধী তাঁদের উদ্দেশে বলেন, তারা ভয়কে জয় করেছে এবং সেই সাহসিকতার জন্য তিনি গর্বিত।
তবে প্রদেশ কংগ্রেস এ উদ্যোগে বার্ষিক ব্যয়ের নির্দিষ্ট অঙ্ক জানায়নি।







