নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’— এই স্লোগান নিয়ে ১৯৯২ সাল থেকে নিয়মিতভাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে রেইনবো চলচ্চিত্র সংসদ। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৬ সালের ১০ জানুয়ারি পর্দা উঠছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। নয় দিনব্যাপী এই উৎসব শেষ হবে ১৮ জানুয়ারি।
উৎসব আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটি ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। প্রিভিউ কমিটির সদস্যরা দেশ-বিদেশের জমা পড়া শতাধিক চলচ্চিত্র পর্যালোচনা করছেন। এ বছর ১০টি ভিন্ন সেকশনে ৬০টির বেশি দেশের বহু চলচ্চিত্র জমা পড়েছে বলে জানান আয়োজকেরা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলচ্চিত্র জমা দেওয়ার সুযোগ থাকবে।
এবারের উৎসবে চতুর্থবারের মতো থাকছে ‘ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাব’ নামে চিত্রনাট্য উন্নয়ন কর্মশালা। এশিয়ার যে কোনো ফিল্মমেকার এতে অংশ নিতে পারবেন। প্রজেক্ট জমার শেষ সময় ৩১ জুলাই ২০২৫। বাছাই করা ১০টি স্ক্রিপ্ট আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মেন্টরের মাধ্যমে ৪ দিনব্যাপী গ্রুমিংয়ের সুযোগ পাবে। সেরা ৩টি প্রজেক্ট যথাক্রমে ৫ লাখ, ৩ লাখ ও ২ লাখ টাকা স্ক্রিনপ্লে ডেভেলপমেন্ট ফান্ড হিসেবে পুরস্কার পাবে।
উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, “গোটা বিশ্ব থেকে অসংখ্য চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে ২০০–২৫০টি সিনেমা বেছে নেওয়া বেশ চ্যালেঞ্জিং। সেই সঙ্গে বিদেশি প্রতিনিধি, দেশি অতিথি, সাংবাদিক ও দর্শকদের সমন্বয়ে আবাসন, নিরাপত্তা, পরিবহনসহ নানা দিক সামলে উৎসব সফল করতে প্রস্তুতি চলছে।”
প্রতিবারের মতো এবারও উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হবে চলচ্চিত্রে নারীর অবস্থান নিয়ে দ্বাদশ আন্তর্জাতিক সম্মেলন।
এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুধু সিনেমার প্রদর্শনই নয়, বরং বৈচিত্র্যময় ভাবনা, শিল্প ও সংস্কৃতির সংলাপের এক বড় মঞ্চ হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।







