Home এশিয়া পেসিফিক NSW-তে ক্ষুদ্র ব্যবসার ব্যয় বৃদ্ধি, কর ছাড়ের দাবি বিরোধী জোটের

NSW-তে ক্ষুদ্র ব্যবসার ব্যয় বৃদ্ধি, কর ছাড়ের দাবি বিরোধী জোটের

30
0

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে (NSW) ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ক্রমবর্ধমান ব্যয় ও করের চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী লিবারেল ও ন্যাশনালস জোট। ব্যবসায়ীদের আর্থিক সংকট কমাতে রাজ্য ও ফেডারেল সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছে তারা।

সিডনির মর্টগেজ ব্রোকার জোসেফ দাউদের সমর্থনে ক্ষুদ্র ব্যবসার বাড়তি ব্যয় কমানোর দাবিতে নতুন একটি প্রচারাভিযান শুরু হয়েছে। উদ্যোক্তাদের অভিযোগ, পরিচালন ব্যয়, সুদের হার এবং সম্ভাব্য কর পরিবর্তনের কারণে ব্যবসা পরিচালনা ক্রমেই কঠিন হয়ে উঠছে।

বিশেষ করে ডিসক্রেশনারি ট্রাস্টের করব্যবস্থায় প্রস্তাবিত পরিবর্তন, পেশাদার পরামর্শ ও ব্যবসা পুনর্গঠনের খরচ এবং কার্ড পেমেন্টের অতিরিক্ত চার্জ নিষিদ্ধ হলে সেই ব্যয় বহনের বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে NSW-তে পেরোল ট্যাক্স বা কর্মীদের বেতনভিত্তিক করের সীমা ১২ লাখ অস্ট্রেলীয় ডলারে অপরিবর্তিত থাকায় বেতন ব্যয় বৃদ্ধির সঙ্গে অনেক ব্যবসাপ্রতিষ্ঠানের করের বোঝাও বাড়তে পারে বলে দাবি করেছে বিরোধী জোট।

NSW বিরোধীদলীয় নেতা কেলি স্লোয়ান অভিযোগ করেন, ব্যবসায়ীদের সহায়তা করার পরিবর্তে প্রিমিয়ার ক্রিস মিন্স ও প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজির নেতৃত্বাধীন লেবার সরকারগুলো তাদের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান ধরে রাখতে ক্ষুদ্র ব্যবসাকে সহায়তা করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

NSW ন্যাশনালস নেতা ও ক্ষুদ্র ব্যবসাবিষয়ক ছায়ামন্ত্রী গুরমেশ সিং বলেন, অনেক উদ্যোক্তা ব্যক্তিগত সঞ্চয় ও দীর্ঘদিনের পরিশ্রম বিনিয়োগ করেও ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। রাজ্য ও ফেডারেল উভয় পর্যায় থেকেই তাঁদের আর্থিক স্বস্তি প্রয়োজন।

ছায়া কোষাধ্যক্ষ স্কট ফারলো বলেন, কর্মীদের বেতন বৃদ্ধি পেলেই প্রতিষ্ঠানের মুনাফা বাড়ে না। কিন্তু করমুক্ত সীমা অপরিবর্তিত থাকায় শুধু বেতন ব্যয় বৃদ্ধির কারণেও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত কর দিতে হতে পারে।

এ পরিস্থিতিতে লিবারেল ও ন্যাশনালস জোট পেরোল ট্যাক্সের করমুক্ত সীমা ১২ লাখ থেকে ১৫ লাখ ডলারে উন্নীত করার প্রস্তাব দিয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়াজুড়ে যেসব প্রতিষ্ঠানের মোট বার্ষিক বেতন ব্যয় এক কোটি ডলারের কম, তাদের করহার ৫ দশমিক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ করার পরিকল্পনা জানিয়েছে।

মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে করমুক্ত সীমা নিয়মিত সমন্বয়ের প্রস্তাবও রয়েছে জোটটির পরিকল্পনায়।

বিরোধী জোটের দাবি, এসব সংস্কার বাস্তবায়িত হলে ক্ষুদ্র ও পারিবারিক ব্যবসার আর্থিক চাপ কমবে এবং নতুন কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ বাড়বে। তবে প্রস্তাবিত পরিবর্তনগুলো এখনো কার্যকর হয়নি এবং এ বিষয়ে সরকারের অবস্থান ও পরবর্তী সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here