অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের (NSW) নর্দার্ন রিভার্স অঞ্চলে অগ্নিনির্বাপণ ও জরুরি সেবার সক্ষমতা বাড়াতে ১ কোটি ৯৮ লাখ অস্ট্রেলীয় ডলারের বেশি বিনিয়োগ করা হচ্ছে। ফায়ার অ্যান্ড রেসকিউ NSW (FRNSW)-এর তিনটি গুরুত্বপূর্ণ ফায়ার স্টেশন নির্মাণ ও আধুনিকায়নে এই অর্থ ব্যয় করা হবে।
বিনিয়োগের আওতায় বায়রন বে, গুনেলাবাহ ও অ্যালস্টনভিল ফায়ার স্টেশনের অবকাঠামো উন্নয়ন করা হচ্ছে। এর মধ্যে বায়রন বেতে ৮২ লাখ ডলার ব্যয়ে নতুন ফায়ার স্টেশন নির্মাণের প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছে এবং মূল নির্মাণকাজ শিগগিরই শুরু হবে।
স্যান্ডহিলস এলাকায় নতুন জরুরি সেবা কমপ্লেক্সের অংশ হিসেবে নির্মিতব্য স্টেশনটি ১৯৭৮ সাল থেকে চালু থাকা কিংসলে স্ট্রিটের পুরোনো ফায়ার স্টেশনের পরিবর্তে ব্যবহৃত হবে। এতে দুটি ফায়ার ইঞ্জিন রাখার জায়গা, আধুনিক প্রশিক্ষণকেন্দ্র, কর্মীদের বিশ্রাম ও স্বাস্থ্যসুবিধা, প্রশাসনিক কক্ষ এবং গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।
অন্যদিকে গুনেলাবাহ ফায়ার স্টেশনের পুনর্নির্মাণের প্রাথমিক অবকাঠামোগত কাজ শুরু হয়েছে। NSW সরকারের ইনফ্রাস্ট্রাকচার বেটারমেন্ট ফান্ডের অর্থায়নে স্টেশনটিকে আরও বড় ও আধুনিক জরুরি সেবাকেন্দ্রে রূপান্তর করা হবে।
২০২২ সালের ভয়াবহ বন্যায় গুনেলাবাহ ফায়ার স্টেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সে সময় লিসমোর ফায়ার স্টেশন প্লাবিত হলে সেখানকার অগ্নিনির্বাপণকর্মীদের সাময়িক আশ্রয় ও জরুরি কার্যক্রম পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল গুনেলাবাহ স্টেশনটি।
এদিকে ২১ লাখ ডলার ব্যয়ে আধুনিকায়ন করা অ্যালস্টনভিল ফায়ার স্টেশন আনুষ্ঠানিকভাবে পুনরায় চালু করা হয়েছে। স্থানীয় ফায়ার ব্রিগেডের ১০০ বছর পূর্তি উদ্যাপনের মধ্য দিয়ে নতুন সুবিধাসম্পন্ন স্টেশনটির উদ্বোধন করা হয়।
NSW-এর জরুরি সেবাবিষয়ক মন্ত্রী জিহাদ দিব বলেন, এসব প্রকল্প অগ্নিনির্বাপণকর্মীদের নিরাপদ ও আধুনিক কর্মপরিবেশ নিশ্চিত করবে। একই সঙ্গে বন্যা, অগ্নিকাণ্ড ও অন্যান্য দুর্যোগ মোকাবিলায় নর্দার্ন রিভার্স অঞ্চলের সক্ষমতা আরও বাড়াবে।
নর্থ কোস্টবিষয়ক মন্ত্রী জ্যানেল স্যাফিন বলেন, স্থানীয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক জরুরি সেবা অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অ্যালস্টনভিল ফায়ার ব্রিগেডের শতবর্ষ উদ্যাপন ও স্টেশনটির আধুনিকায়ন স্থানীয় বাসিন্দাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন।
FRNSW কমিশনার জেরেমি ফিউট্রেল জানান, উন্নয়ন প্রকল্পগুলোর মাধ্যমে অগ্নিনির্বাপণকর্মীদের প্রশিক্ষণ, সরঞ্জাম সংরক্ষণ, ব্যক্তিগত নিরাপত্তা ও জরুরি কার্যক্রম পরিচালনার সুবিধা বাড়বে।
কর্তৃপক্ষের মতে, এসব আধুনিক ফায়ার স্টেশন ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগের সময় আঞ্চলিক জরুরি কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করবে এবং নর্দার্ন রিভার্সের বাসিন্দাদের নিরাপত্তা আরও জোরদার করবে।






